লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মানব পাচার দমনে নতুন আইন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত: 18 মে 2026

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন কঠোর আইন প্রণয়ন করেছে সরকার। ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ নামের এ আইনে একক ও সংঘবদ্ধ মানব পাচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে মানব পাচার ও সীমান্তপথে চোরাচালানের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে। এতে যাবজ্জীবন কারাদণ্ডও সর্বোচ্চ শাস্তির আওতায় রাখা হয়েছে।

গত এক বছরে বিজিবি দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকা থেকে ৪৯৫ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃতদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি আন্তর্জাতিক এনজিও কাজ করছে।

নতুন আইনে মানব পাচারের পাশাপাশি ‘অভিবাসী চোরাচালান’কেও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে যৌন শোষণ, জোরপূর্বক শ্রম, দাসত্ব এবং সংগঠিত অপরাধমূলক শোষণের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘের ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) এবং স্মাগলিং অব মাইগ্রেন্টস প্রোটোকলের আলোকে তৈরি করা হয়েছে।

আইনে তদন্ত সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ফ্রিজ, এবং অনুপস্থিত আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনার বিধান। পাশাপাশি ভিসা ও পাসপোর্ট জালিয়াতিকেও কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, মানব পাচার এখন বৈশ্বিক সমস্যা। নতুন আইন আন্তর্জাতিক মান বজায় রেখে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সহায়তা করবে।

আইনে অপরাধের ধরন অনুযায়ী আলাদা শাস্তির বিধান রাখা হয়েছে। যেমন, পাচারে সহায়তা করলে ৩ থেকে ৭ বছর কারাদণ্ড, যৌন শোষণের উদ্দেশ্যে পাচারে ৩ থেকে ১০ বছর কারাদণ্ড এবং অনলাইন প্রতারণার মাধ্যমে পাচারে ৩ থেকে ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাদের ওপর হুমকি বা চাপ প্রয়োগ করলে ৩ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সরকার বলছে, শুধু আইন নয়, সচেতনতা ও আন্তঃসংস্থাগত সমন্বয় ছাড়া মানব পাচার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman