লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৩৫ জেলায় নিপাহ শনাক্ত, সংক্রমণের ধরন বদলাচ্ছে, সতর্কতা জারি

প্রকাশিত: 07 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সংক্রমণের বিস্তার ও ধরনে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বিশেষ করে অ-মৌসুমি সংক্রমণ এবং নতুন উৎস থেকে নিপাহ ছড়ানোর তথ্য জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক সভায় এ তথ্য তুলে ধরা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা।

উপস্থাপিত তথ্যে জানানো হয়, ২০২৫ সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী জেলায় চারজন নিপাহ রোগী শনাক্ত হন এবং সবাই মারা যান। মৃত্যুহার ছিল শতভাগ। এর মধ্যে নওগাঁর আট বছরের একটি শিশুর ঘটনা ছিল দেশের ইতিহাসে প্রথম অ-মৌসুমি নিপাহ সংক্রমণ, যা আগস্ট মাসে শনাক্ত হয়। শিশুটি বাদুড়ের আধা খাওয়া ফল যেমন কালোজাম, খেজুর ও আম খাওয়ার মাধ্যমে সংক্রমিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইইডিসিআর জানায়, এতদিন নিপাহ সংক্রমণের প্রধান উৎস হিসেবে কাঁচা খেজুরের রসকে দায়ী করা হলেও নতুন এই কেস প্রমাণ করেছে, বাদুড়ের লালা বা মূত্রে দূষিত ফল থেকেও সারা বছর সংক্রমণ ঘটতে পারে। এটি নিপাহ ভাইরাসের ঝুঁকিকে আরও বিস্তৃত করেছে।

প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলক বেশি। বৈশ্বিকভাবে নিপাহ ভাইরাসে গড় মৃত্যুহার প্রায় ৭২ শতাংশ হলেও বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে তা আরও বেশি।

সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি বলেন, নিপাহ এখন আর শুধু শীতকাল বা খেজুরের রসের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সারা বছরের একটি বহুমুখী সংক্রমণ হুমকিতে রূপ নিচ্ছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যদের জন্য উদ্বেগজনক।

আইইডিসিআর জানায়, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman