লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনে পর্যবেক্ষকদের ওপর কোনো প্রভাব ফেলবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 27 ডিসেম্বর 2025

72 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক |
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সরকার কোনোভাবেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না। পর্যবেক্ষকরা নিজেরা সহায়তা না চাইলে সরকার তাদের বিষয়ে কোনো উদ্যোগ নেবে না।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিক ইনস্টিটিউট সম্মত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে তার বৈঠক ও আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পর্যবেক্ষকদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না, যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব কেবল পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা। এরপর তারা যদি কোনো সহায়তা চান, কেবল তখনই সরকার পাশে দাঁড়াবে। কারা পর্যবেক্ষক হবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে। এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই।

মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সরকার চায় বিপুলসংখ্যক পর্যবেক্ষক মাঠে থাকুক, যাতে কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচারণার সময় সংঘাত এড়িয়ে জনগণের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে কাকে তারা নির্বাচিত করবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর বর্তমান সরকার দায়িত্ব ছাড়বে এবং দেশ স্বাভাবিক ধারায় ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহিদিল্লাহ কাওছার। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman