লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছাড়লেন রাশেদ খান, বিএনপিতে যোগদান

প্রকাশিত: 27 ডিসেম্বর 2025

60 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক |

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. রাশেদ খান। তিনি দলের নেতা-কর্মীদের রাশেদ খানকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী এবং এলাকার জনগণও শহীদ জিয়ার প্রতীকে ভোট দিতে চায়। তিনি বলেন, বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চান।

এদিকে গণঅধিকার পরিষদ জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খানকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে অতীতে বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে আন্দোলন করেছে। ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্যেই আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলো সমন্বয়ের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman