লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনী সফরে ময়মনসিংহের পথে তারেক রহমান

প্রকাশিত: 27 জানুয়ারী 2026

167 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা ১১টার পর রাজধানীর গুলশানে তার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। ময়মনসিংহ অঞ্চলকে দলের একটি শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। সমাবেশে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহে সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথেও আরও দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিএনপির কেন্দ্রীয় নেতাদের মাঠপর্যায়ের প্রচারণা জোরদার হচ্ছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman