লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বন্যাদুর্গত মানুষের সহায়তায় ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা

প্রকাশিত: 10 জুলাই 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, মানবিক সংকট মোকাবিলায় ছাত্রদলের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। একই সঙ্গে গবাদিপশু নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়ে পৃথক উদ্ধার দল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে। শুকনো খাবার, রান্না করা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার নির্দেশও রয়েছে।

বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া পরিবারের বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল বলেছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এছাড়া কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দুর্গত এলাকায় চিকিৎসাসেবা দিতে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ এবং অন্যান্য পুনর্বাসন কার্যক্রমেও সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নিতে হবে। একই সঙ্গে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত রোগের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিকভাবে এই কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে পরিচালিত সব কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নিয়মিতভাবে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা করা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman