দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সন্দেহভাজন নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীর গুলিতে আহত ওসমান হাদী বর্তমানে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে এবং পরবর্তী কয়েকটি ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে আল্লাহ যেন ওসমান হাদীকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন এবং দ্রুত সুস্থতা নসিব করেন। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যদি তিনি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয় ওসমান হাদীর ওপর হামলার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে দেশব্যাপী অচলাবস্থার ডাক দেওয়া হবে। ইনকিলাব মঞ্চ দাবি করেছে এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয় বরং দেশের সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
সংগঠনটি আরও জানায় যদি অভিযুক্ত খুনি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে। তাদের মতে বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনি পদক্ষেপের দাবি উঠছে।
