লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ডেঙ্গু রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 11 মার্চ 2026

86 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে প্রাণহানি রোধে দেশব্যাপী সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ সচেতন হলে এসব মরণঘাতী রোগের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

বুধবার ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। তিনি সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। সাধারণত জুন থেকে অক্টোবর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময় সংক্রমণের ঝুঁকি থাকছে বলে জনস্বাস্থ্যবিদরা সতর্ক করছেন।

তিনি উল্লেখ করেন, পরিষ্কার পানিতে মাত্র তিন দিন পানি জমে থাকলেই এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ছাদ বা আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাসা ও আঙিনা পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি অংশগ্রহণকে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে দেখছেন। সরকারের এই উদ্যোগ সফল করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই হবে প্রধান শর্ত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman