লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফিলিস্তিনপন্থী কর্মী পুনরায় গ্রেপ্তার, যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: 30 মার্চ 2026

89 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী তরুণ কর্মী কেসার জুহরাহকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ, যা দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা ও সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সোমবার (৩০ মার্চ) লন্ডনের কাছে ওয়াটফোর্ডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। খবর আল জাজিরা।

২১ বছর বয়সী জুহরাহ গত মাসেই জামিনে মুক্তি পেয়েছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা পুলিশ সদস্যরা তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, এক তরুণীকে “অপরাধে উৎসাহ দেওয়া” এবং “সন্ত্রাসবাদে প্ররোচনা” সন্দেহে আটক করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি।

অভিযানকারীদের দাবি, ইনস্টাগ্রামে দেওয়া একটি স্টোরিতে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সমর্থনের আহ্বান জানানো পোস্টের কারণেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

জুহরাহ তথাকথিত “ফিলটন ২৪” নামে পরিচিত একদল আসামির সদস্য, যাদের বিরুদ্ধে ২০২৪ সালে ব্রিস্টলের কাছে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস সংশ্লিষ্ট একটি কারখানায় হামলার অভিযোগ রয়েছে। ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন ওই অভিযানের দায় স্বীকার করেছিল।

এর আগে গুরুতর চুরির অভিযোগ প্রত্যাহারের পর দলের ২৩ সদস্য জামিন পান। একই সময়ে যুক্তরাজ্যের হাইকোর্ট প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলেও সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, রাজনৈতিক মত প্রকাশকে দমন করতেই সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা হচ্ছে। তবে সরকারের দাবি, বন্দিদের সঙ্গে কারাগারে প্রতিষ্ঠিত নীতিমালা অনুসারেই আচরণ করা হয়েছে এবং নির্যাতনের অভিযোগ সঠিক নয়।

বিশ্লেষকদের মতে, গাজা ও মধ্যপ্রাচ্য ইস্যুকে ঘিরে ইউরোপে রাজনৈতিক বিভাজন যত বাড়ছে, ততই প্রতিবাদ ও নিরাপত্তা আইনের সংঘাত সামনে আসছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman