দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় গভীর রাতে র্যাবের একটি ক্যাম্পে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে অন্তত তিনটি স্থানে রাস্তা কেটে দেয় বলে জানিয়েছে র্যাব।
রোববার দিবাগত রাত প্রায় দুইটার দিকে আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, হামলাকারীরা প্রথমে র্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। একই সঙ্গে বিভিন্ন স্থানে রাস্তা ও কালভার্ট কেটে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কেটে ফেলা সড়কের কারণে নিরাপত্তা বাহিনীর যানবাহন অনেক দূরে রেখে সদস্যদের হেঁটে ঘটনাস্থলে যেতে হয়েছে।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা একটি বিতর্কিত এলাকা হিসেবে পরিচিত। জেলা প্রশাসনের তথ্যমতে, সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। চলতি বছরের ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সরকার।
এরপর সেখানে পুলিশ ও র্যাবের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আলীনগরে র্যাব ক্যাম্প নির্মাণও সেই পরিকল্পনার অংশ ছিল। হামলার ঘটনায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, জঙ্গল সলিমপুরে দীর্ঘদিনের সন্ত্রাসী নেটওয়ার্ক ও ভূমি দখলকেন্দ্রিক স্বার্থের বিরুদ্ধে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
