লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সহিংসতা ও অগ্নিহত্যার সুষ্ঠু তদন্ত চান রিজভী, দৃশ্যমান শাস্তির দাবি

প্রকাশিত: 21 ডিসেম্বর 2025

60 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও ধারাবাহিক সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও গভীর প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

রোববার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী। তিনি উল্লেখ করেন, ওসমান হাদীসহ সারা দেশে যেসব চোরাগুপ্ত হামলা ও সহিংস ঘটনা ঘটছে, সেগুলোর প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

রিজভীর ভাষ্য, মানুষ শুধু আশ্বাস নয়, বিচার দেখতে চায়। তদন্তে গাফিলতি হলে জনগণের মধ্যে সন্দেহ ও আতঙ্ক আরও বাড়বে। তিনি বলেন, দেশে বড় ধরনের কোনো চক্রান্ত চলছে কি না, তা নিয়েও মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে কিংবা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীদের ভূমিকা নিয়েও জনমনে উদ্বেগ রয়েছে।

সরকারের ভূমিকা প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমান সরকার জনগণের সমর্থনে গঠিত। গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে সব দিক বিবেচনায় নিয়ে দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করা। দেশের মানুষ সেটাই প্রত্যাশা করে।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman