দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশে দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রুমিন ফারহানার দাদা দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর নিজ বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে।
এর আগে বুধবার তাঁর পক্ষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ঘোষণা করা হয়েছে। তিনি দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এ সিদ্ধান্তের পরই রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে লড়াইয়ের ঘোষণা দেন।
নির্বাচনী কার্যক্রম শুরুর পর রুমিন ফারহানা বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে এবং দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করে এসেছেন। এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করে তিনি জানান, ভোটের মাধ্যমেই মানুষ ঠিক করবে গত দেড় দশকে কারা সত্যিকারভাবে তাদের পক্ষে কথা বলেছেন।
তিনি আরও বলেন, জোট না দেওয়ার জন্য স্থানীয় মানুষের আহ্বান উপেক্ষিত হয়েছে। এই অবহেলার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর প্রতীক হাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান রুমিন ফারহানা।
উল্লেখ্য, ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাঁর বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ। রুমিন ফারহানার দাবি, ওই নির্বাচনে তাঁর বাবা বিজয়ী হলেও ফলাফল পরিবর্তন করা হয়েছিল।
