লোড হচ্ছে...
লোড হচ্ছে...

১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য ইতিবাচক ইঙ্গিত: নাহিদ ইসলাম

প্রকাশিত: 25 ডিসেম্বর 2025

65 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এক বিবৃতিতে তিনি বলেন, একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারেক রহমান ও তাঁর পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের ফলেই আজ এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক নির্বাসনের অবসান ঘটিয়ে তারেক রহমান ও তাঁর পরিবার দেশে ফিরতে পেরেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে না হয়, সেই লক্ষ্যেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, গত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে বাংলাদেশ আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। এই পথে প্রতিটি নাগরিকের আইনের শাসন এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের প্রধান লক্ষ্য।

নাহিদ ইসলাম আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিবৃতির শেষে তিনি তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তাঁর অংশগ্রহণ ফলপ্রসূ হোক।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman