দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ : শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে ওসমান হাদির মেঝো ভাই ওমর বিন হাদি এ জিডি করেন।
জিডির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, হাদির ভাই নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যার পর থেকে তিনি এবং হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্র এখনো গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় তাদের ওপর হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ওমর বিন হাদিকে হত্যা করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসব কারণে তিনি ও শহীদ হাদির সন্তান নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন।
ওমর বিন হাদি জিডিতে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
