দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ : আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ছিটকে যাওয়ার দিনেই বড় চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ আট ঘণ্টার বোর্ড সভা শেষে রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জাতীয় দলের হয়ে ভবিষ্যতে আবারও বিবেচনায় আসবেন সাকিব আল হাসান।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, সাকিবের ফিটনেস, প্রাপ্যতা এবং নির্দিষ্ট ভেন্যুতে খেলার সক্ষমতা থাকলে তাকে দেশ ও দেশের বাইরে অনুষ্ঠিত সিরিজে দলে নেওয়ার বিষয়ে বোর্ড বা নির্বাচক প্যানেল ভাববে। তিনি জানান, সাকিব নিজেও আবার জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং হোম ও অ্যাওয়ে উভয় সিরিজেই খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের কানপুরে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন সাকিব। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র–জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক ও আইনি জটিলতায় দেশে ফেরা কঠিন হয়ে পড়ে তার জন্য। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরের সিদ্ধান্ত নিলেও পরিস্থিতির কারণে সেই ম্যাচও খেলা হয়নি।
সাকিবের রাজনৈতিক পরিচয় ভবিষ্যতে বাধা হবে কি না, সে বিষয়ে বিসিবি স্পষ্ট অবস্থান নেয়নি। আমজাদ হোসেন বলেন, সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয় সরকার দেখবে, বোর্ড কেবল খেলোয়াড় হিসেবেই তাকে চায়। বিসিবির আরেক পরিচালক আসিফ আকবরও জানান, রাজনৈতিক পরিচয় নয়, খেলোয়াড় সাকিবই বোর্ডের বিবেচ্য।
বোর্ড সভায় আরও সিদ্ধান্ত হয়, চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির জন্য নতুন করে ২৭ জন ক্রিকেটারকে বিবেচনায় আনা হবে। সেই আলোচনার সূত্র ধরেই সাকিবের নাম আসে বলে জানান বিসিবি কর্মকর্তারা।
এদিকে বিসিবির পরিচালক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক।
