লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল

প্রকাশিত: 12 ফেব্রুয়ারী 2026

36 Views

The Civilians News

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীন ভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকল সাড়ে ৭টা থেকে রাজধানীর কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক মিনিট পর কেন্দ্রের আশপাশের শোডাউন দিতে দেখা গেছে। তারা কেন্দ্রে এসে সার্বিক পরিস্থিতি নজরদারি করতেও দেখা গেছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রিফ করতেও দেখা গেছে।

সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নজরদারি করতে আসা একজন সেনা কর্মকর্তা বলেন, ‘ভোটার ছাড়াও অনেকে অযথা কেন্দ্রের কাছে ভিড় করে। সেগুলো আমরা খতিয়ে দেখছি, খোঁজ নিচ্ছি।’

সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দায়িত্বরত একজন পুলিশ সদস্য রকিবুল ইসলাম বলেন, ‘বুধবার দুপুর থেকে কেন্দ্রে অবস্থান করছি। ভোট শেষ না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করব। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।’

এদিকে, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সারিবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। স্কুলের গেটে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ভোটারদের স্লিপ দেখে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তাদের লক্ষ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ ভূমিকা পালন করা।

এদিকে, নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে গত মঙ্গলবার থেকে আগামী রোববার পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

এর আগে বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ ও অভ্যন্তরীণ সড়ক, অলিগলি, পাড়া-মহল্লা এবং ভোটকেন্দ্র এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তারা যানবাহন তল্লাশি করছেন। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হচ্ছে। নির্বাচনকেন্দ্রিক যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন।

বহুল প্রতীক্ষিত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটের মাঠে নেমেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ সদস্য, সেনাবাহিনী ১ লাখ, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, র‌্যাবের প্রায় ৮ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ এবং ফায়ার সার্ভিসের ১৩ হাজার সদস্য রয়েছেন। পাশাপাশি ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman