লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দুর্নীতি ঠেকাতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশনা

প্রকাশিত: 08 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আদালতের ভেতরে দুর্নীতি বন্ধ, নিরাপত্তা জোরদার এবং কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে কড়া নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাপ্তরিক স্বচ্ছতা ও কাজের গতি ফেরাতে সব কর্মকর্তা কর্মচারীকে নির্ধারিত অফিস সময় অনুযায়ী সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করা যাবে না। দেরিতে উপস্থিতি কিংবা অনুমতি ছাড়া প্রস্থানকে অসদাচরণ হিসেবে গণ্য করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ ডেস্কে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং কোনো কাজ অসম্পূর্ণ রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। অফিস চলাকালীন সবাইকে নির্ধারিত ফরমাল পোশাক পরতে হবে এবং দৃশ্যমানভাবে অফিস পরিচয়পত্র বহন করতে হবে।

আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল, স্লোগান, সভা কিংবা বিক্ষোভে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আদালত এলাকায় বৈধ বা অবৈধ যেকোনো অস্ত্র, বিস্ফোরক ও মাদক বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও যানবাহন রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, দুর্নীতির বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থান জিরো টলারেন্স। সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকির কথা জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন বলেছে, সংশ্লিষ্ট শাখা প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজিরা, পোশাক ও আচরণ তদারকি করবেন। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman