দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রশ্ন তুলেছেন: যে সরকারকে জনগণ নির্বাচিত করেনি, তারা কীভাবে চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত জাতীয় সম্পদ বিদেশি হাতে তুলে দিতে পারে? কীভাবে এলডিসি উত্তরণের মতো দশকব্যাপী প্রভাব ফেলবে এমন সিদ্ধান্ত নিতে পারে?
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন: “একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।”
তিনি গাজীপুরের এক পোশাক কারখানা মালিক ও নারায়ণগঞ্জের এক তরুণের গল্প দিয়ে বোঝান, এলডিসি সুবিধা হারালে যে লাখো পরিবারের জীবিকা বিপন্ন হবে, তারা কেউ এই সিদ্ধান্তে ভোট দেয়নি, জানেও না।
তারেক রহমানের প্রধান অভিযোগ:লালদিয়া টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনালের দীর্ঘমেয়াদি পরিচালনা বিদেশি কোম্পানির হাতে দেওয়া কোনো ‘রুটিন কাজ’ নয়, এটা জাতীয় সম্পদের কৌশলগত বন্ধক। ২০২৬-এ এলডিসি উত্তরণের সিদ্ধান্ত ‘রাজনৈতিক’, অথচ নিচ্ছে এমন সরকার যাদের কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।
জাতিসংঘের কাছে বিলম্বের আবেদন করা ‘অসম্ভব’ বা ‘অপমানজনক’ বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা সত্য নয়, ইতিহাস বলে অনেক দেশই সময় নিয়েছে।
তিনি আরও লেখেন: “কৌশলগত বিকল্প বন্ধ করে, জনগণের উদ্বেগ উপেক্ষা করে, দ্রুততা ও অনিবার্যতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলা হচ্ছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে যেকোনো দীর্ঘমেয়াদি চুক্তি জাতির সঙ্গে প্রতারণা।”
