লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিজের জন্ম ও বেড়ে ওঠার এলাকা হিসেবে ঢাকা–১৭ আসনের ভোটারদের কাছে ভোট চাইলেন তারেক রহমান

প্রকাশিত: 08 ফেব্রুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নিজের জন্ম ও বেড়ে ওঠার এলাকা হিসেবে ঢাকা–১৭ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই এলাকা শুধু একটি নির্বাচনী আসন নয়, এটি তার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি স্থান।

রোববার ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরাও এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও হয়েছে এই এলাকাতেই। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা–বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।”

নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তিনি বিকেল ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন। পথসভা হওয়ায় বক্তব্য সংক্ষিপ্ত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি মানুষের চলাচলের রাস্তা, তাই কথা বেশি দীর্ঘ করবেন না।

ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “আমরা চাই এমন একটি ঢাকা, যেখানে মা–বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন। ব্যবসা–বাণিজ্য হবে নির্বিঘ্ন ও নিরাপদ।”

তিনি আরও বলেন, বিএনপি যদি আগামী ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করতে পারে, তাহলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে, যাতে তরুণ ও কিশোররা সুস্থ বিনোদনের সুযোগ পায়।

অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে, যাতে যানজট কমে এবং মানুষের চলাচল সহজ হয়।

বক্তব্যের শেষাংশে তিনি আবারও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি বিনীতভাবে অনুরোধ করছি, আগামী ১২ তারিখ ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবাই ভোট দেবেন।”

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman