লোড হচ্ছে...
লোড হচ্ছে...

লাখো মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত শহীদী জানাজা, এক কিংবদন্তির বিদায়

প্রকাশিত: 20 ডিসেম্বর 2025

97 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা, রাজধানীতে ইতিহাসের এক বিরল জনসমাগমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

শহীদ ওসমান হাদির জানাজায় ইমামতি করেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এছাড়া উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, ধর্ম উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেন।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে শহীদ ওসমান হাদির মরদেহ জানাজার উদ্দেশ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। নিরাপত্তা ও জনসমাগমের কারণে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানাজায় অংশ নিতে আসা অনেকেই এটিকে একটি ঐতিহাসিক জানাজা বলে মন্তব্য করেন। ছাত্র জনতাসহ সাধারণ মানুষের কণ্ঠে ‘তুমি কে আমি কে হাদি হাদি’, আমরা সবাই হাদি হবো, …. গুলির মুখে কথা কবো’ স্লোগান শোনা যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman