লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেলুচিস্তানে একই সময়ে ১২ জায়গায় সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

প্রকাশিত: 31 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে একযোগে ১২টি স্থানে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য ও অন্তত ৩৭ জন হামলাকারী নিহত হয়েছেন। শনিবার দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

ডনের প্রতিবেদনে বলা হয়, হামলাগুলো প্রদেশের বিভিন্ন জেলায় প্রায় একই সময়ে চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, ভারতের মদদপুষ্ট বলে অভিযুক্ত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী এসব হামলার সঙ্গে জড়িত। নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে হামলাগুলো ব্যর্থ করে দেয় বলে জানানো হয়েছে।

সংঘর্ষের পর বেশ কয়েকটি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। রেডিও পাকিস্তান জানায়, নিরাপত্তা বাহিনী এখনও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে। একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় পুরো বেলুচিস্তানজুড়ে অভিযানে মোট ৮৮ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় পৃথক অভিযানে ৪১ জন নিহত হওয়ার ঘটনাও রয়েছে।

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েটা, সিবি ও চামান এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বেলুচিস্তান সরকারের পক্ষ থেকে সহিংসতার নিন্দা জানিয়ে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান আরও জোরদার করা হবে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তান সীমান্তঘেঁষা এই প্রদেশটি দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সহিংসতায় অস্থির। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের পর পাল্টা হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman