লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পাক সৌদি প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের আগ্রহ

প্রকাশিত: 10 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তিন দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং শিগগিরই একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠনের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এমন জোট মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। ওই চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর সামরিক হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। এখন সেই চুক্তিতে তুরস্ক যুক্ত হলে এটি একটি পূর্ণাঙ্গ ত্রিপক্ষীয় নিরাপত্তা কাঠামোয় রূপ নিতে পারে।

রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তুরস্কের কৌশলগত স্বার্থ ক্রমেই পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মিলছে। যুক্তরাষ্ট্র ও নেটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আঙ্কারা বিকল্প নিরাপত্তা জোট শক্তিশালী করার দিকে ঝুঁকছে। সম্ভাব্য এই জোটে সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি একত্রিত হতে পারে।

তবে এমন জোট গঠিত হলে ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের মতো আঞ্চলিক শক্তির মধ্যে নতুন উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। এতে আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

এ বিষয়ে এখনো পাকিস্তান, তুরস্ক বা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman