দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এই নির্বাচন পাঁচ বছরের জন্য নয়, এর প্রভাব পড়বে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের কাঠামো ও গণতান্ত্রিক ব্যবস্থায়।
শুক্রবার সকালে দিনাজপুরের সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, এবারের নির্বাচন আগের মতো বাঁধাধরা নয়। এখানে জনগণের সামনে একটি গণভোটের সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, যদি মানুষ সংস্কার চায়, সংসদীয় গণতন্ত্র চায় এবং ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে ভারসাম্যপূর্ণভাবে বণ্টিত হোক বলে মনে করে, তাহলে তাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আর কেউ যদি সংস্কার না চান, তাহলে ‘না’ ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে। কাউকে ভোট দিতে বাধ্য করা হবে না।
ফাওজুল কবির খান বলেন, এই সংস্কারের দাবিতে প্রায় এক হাজার চারশ মানুষ জীবন দিয়েছেন এবং প্রায় ত্রিশ হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সংস্কার বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মূল কারণ ছিল ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া এবং জনগণের পছন্দের প্রার্থীকে নির্বাচিত হতে না দেওয়া। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভিন্নধর্মী, যেখানে ধর্ম দল বর্ণ বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের পছন্দই চূড়ান্তভাবে বিজয়ী হবে।
