দ্য সিভিলিয়ানস ।নিউজ ডেস্ক ।
শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর তাণ্ডবে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। ছুটির মৌসুমের ব্যস্ত সময়ে ঝড়ের প্রভাবে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট এক হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে প্রায় ছয় হাজার ৯০০ ফ্লাইট দেরিতে পরিচালিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড় ডেভিনের কারণে মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। বর্তমানে দেশজুড়ে চার কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতা বা আবহাওয়া পরামর্শের আওতায় রয়েছে।
নিউইয়র্ক সিটিতে রাতভর প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ হতে পারে। এ পরিস্থিতিতে জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের বিষয়ে আগাম সতর্ক করেছে। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের অর্ধেকের বেশি এই তিন বিমানবন্দরেই হয়েছে।
এয়ারলাইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু এয়ারওয়েজ। একদিনেই সংস্থাটি ২২৫টি ফ্লাইট বাতিল করে। ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ২১২টি, আমেরিকান এয়ারলাইন্স ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স ৯৭টি ফ্লাইট।
অন্যদিকে পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস এলাকায় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাব পুরো সপ্তাহজুড়েই থাকতে পারে। কানাডা থেকে আসা তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করা হয়েছে।
