দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হবে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামকরণ করা হবে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকসুর নেতারা হল দুটির নাম পরিবর্তনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনায় আসে এবং নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি এখন সিনেটে পাঠানো হবে।
একই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে কেন তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মো. মশিউর রহমান।
এ ছাড়া একই বিভাগের দুই শিক্ষক অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিযোগগুলো যাচাই করে চার্জশিট গঠন করা হবে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হল দুটির নাম পরিবর্তনের সুপারিশও আনুষ্ঠানিকভাবে সিনেটে পাঠানো হয়েছে।
