দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সারা দেশের কৃষকদের সহায়তা দিতে চালু হওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী পহেলা বৈশাখে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কৃষক কার্ড বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে বাংলাদেশ সংসদ সচিবালয় এ অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সেখানে পহেলা বৈশাখে সারা দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারি সূত্র জানায়, কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা, ভর্তুকি ও কৃষি সেবা সহজে পৌঁছে দিতে এই কৃষক কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা এবং সরকারি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, কৃষকদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়াতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ইশতেহারে।
