দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি এলাকায় তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠাতে আপাতত রাজি নয় জাপান। দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর নীতি নির্ধারণী প্রধান তাকায়ুকি কোবায়াশি জানিয়েছেন, বিদ্যমান আইনগত সীমাবদ্ধতার কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন।
জাপানের গণমাধ্যম NHK কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানোর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আইনি দিক থেকে কঠোর শর্ত পূরণ করতে হয়। তাই জাপান বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানসহ বিভিন্ন দেশকে নিজেদের তেলবাহী ট্যাঙ্কার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তবে টোকিও জানিয়েছে, সরাসরি সামরিক উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে তাদের শান্তিবাদী সংবিধান ও প্রতিরক্ষা নীতিমালা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাপানের সংবিধানের শান্তিবাদী ধারা দেশটিকে বিদেশি সংঘাতপূর্ণ অঞ্চলে সামরিক শক্তি ব্যবহার থেকে অনেকটাই সীমাবদ্ধ করে রাখে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও টোকিও আপাতত সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক ও সতর্ক নীতিই অনুসরণ করছে।
