লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদের ছুটিতে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিকটস্থ থানায় নিরাপদে রাখতে পারবেন

প্রকাশিত: 15 মার্চ 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের ছুটিতে যাদের ঢাকায় আত্মীয়স্বজন নেই কিংবা বাসা ফাঁকা রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিকটস্থ থানায় নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ঈদের সময় রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়, ফলে অপরাধের ঝুঁকি বাড়ে। এ কারণে নগরজুড়ে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি জোরদার করা হচ্ছে।

পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বাড়তি নজরদারি রাখা হবে।

নগরবাসীকে বাসা ছাড়ার আগে দরজা জানালা ভালোভাবে বন্ধ রাখা, সিসিটিভি সচল রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ডিএমপি। যাত্রীদের অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা এবং সন্দেহজনক কিছু দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ঈদের আগে ও পরে তিনদিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman