লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বুড়িগঙ্গা বাঁচাতে গণ পদযাত্রা

প্রকাশিত: 15 মার্চ 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ঢাকায় বুড়িগঙ্গা নদীর প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে গণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উদ্যোগে শনিবার রাজধানীর বছিলা থেকে হাইক্কার খাল পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

দিবসটি বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভারস হিসেবে পালন করা হয়। নদী ও নদীনির্ভর মানুষের অধিকার রক্ষার দাবিতে ১৯৯৭ সালে ব্রাজিলের কুরিতিবা শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এই দিবস ঘোষণা করা হয়। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে আসছে।

পরিবেশকর্মীরা জানান, রাজধানীর প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদী বর্তমানে মারাত্মক দূষণ ও দখলের মুখে পড়েছে। শিল্পকারখানা, ট্যানারি, ডাইং, প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্যের কারণে নদীর পানি অনেক স্থানে কালো হয়ে গেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। একই সঙ্গে নদীর তলদেশে পলি ও বর্জ্য জমে নাব্যতা কমে যাচ্ছে।

গণ পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশের নদীগুলোকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি বলেন, নদী বাঁচাতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

ধরা’র সদস্য সচিব শরীফ জামিল বলেন, নির্বাচনের আগে বুড়িগঙ্গা নদীর প্রাণ ফিরিয়ে দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল তা বাস্তবায়নের সময় এসেছে। আদালতের নির্দেশনা অনুসরণ করে নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালে নদী দখলমুক্ত করার নির্দেশ এবং ২০১৯ সালে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে রায় দেয় হাইকোর্ট। তবে পরিবেশবাদীদের অভিযোগ, এসব রায়ের পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।

আয়োজকরা জানান, আজকের কর্মসূচি প্রতীকী হলেও বুড়িগঙ্গা রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman