লোড হচ্ছে...
লোড হচ্ছে...

“বিএনপি যদি এতই খারাপ হতো, তাহলে তাঁরা কেন মন্ত্রীত্ব ছাড়েনি?” তারেক রহমান

প্রকাশিত: 28 জানুয়ারী 2026

44 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চারদলীয় জোট সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রকাশ্য প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি সেই সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে জামায়াতের যে দুই শীর্ষ নেতা ওই সরকারের মন্ত্রী ছিলেন, তাঁরা কেন পদত্যাগ করেননি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি জামায়াতের নাম উল্লেখ না করেই বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করছে, যা পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তির বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়।

তারেক রহমান বলেন, “তারা বলছে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দলেরই দুজন নেতা বিএনপির সরকারে মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হতো, তাহলে তাঁরা কেন প্রথম দিন থেকেই পদত্যাগ করে সরকার ছেড়ে আসেননি?” তিনি দাবি করেন, ওই নেতারা সরকারে ছিলেন বলেই জানতেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, “যে দল বিএনপিকে দুর্নীতির দায়ে দোষারোপ করছে, তাদের দুই নেতার পুরো মেয়াদজুড়ে সরকারে থাকা প্রমাণ করে—তারা নিজেরাই নিজেদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কথা বলছে।”

নির্বাচনী জনসভায় রাজনৈতিক শালীনতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, জনগণের জন্য রাজনীতি করাই বিএনপির লক্ষ্য। অন্য দলকে নিয়ে গিবত বা কটূক্তি করে জনগণের কোনো লাভ হয় না। জনগণ তাকেই ভোট দেবে, যে দল দেশের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা দিতে পারে।

তিনি বলেন, বিএনপির কাছে দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রাম থেকে শহর পর্যন্ত সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষার প্রসার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমনে বিএনপির বাস্তব অভিজ্ঞতা আছে।

ময়মনসিংহ বিভাগের সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, মাদক সমস্যা সমাধানে তরুণদের কর্মসংস্থানের বিকল্প নেই। কাজ ও আয় থাকলে যুবসমাজ অপরাধ থেকে দূরে থাকবে। পাশাপাশি তিনি জেলা হাসপাতালগুলো সম্প্রসারণ এবং ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৬ বছরে মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে যে অধিকার আদায়ের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ভোটাধিকার অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

শেষে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে ভোটে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman