দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে নতুন করে কাউকে ইরানে ভ্রমণ না করারও কড়া সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক নির্দেশনায় নয়াদিল্লি জানায়, সীমিত আকারে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও পরিস্থিতি অনিশ্চিত। তাই যেসব ফ্লাইট পাওয়া যাচ্ছে, সেগুলো ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক সংঘাতের কারণে আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আকাশপথের পাশাপাশি স্থলপথেও সতর্কতার সঙ্গে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানে অবস্থানরত নাগরিকদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেছে ভারত। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থল সীমান্ত ব্যবহার করে নিরাপদে বের হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক ঝুঁকির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করছে। ভারতও সেই ধারাবাহিকতায় দ্রুত পদক্ষেপ নিয়েছে, যাতে কোনো ধরনের মানবিক সংকট তৈরি না হয়।
