দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কেনার আগ্রহ দেখিয়েছে। সাম্প্রতিক শুল্ক উত্তেজনা ও বাণিজ্যিক বিরোধের পর এটিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চীনের রাজধানী বেইজিং সফর শেষে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আর্থিক খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীন মার্কিন তেল আমদানিতে সম্মত হয়েছে। পাশাপাশি সয়াবিন আমদানির ক্ষেত্রেও নতুন করে আগ্রহ দেখিয়েছে বেইজিং।
বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শুল্কযুদ্ধ এবং বাণিজ্যিক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দুই দেশের কৃষি ও জ্বালানি বাণিজ্যে বড় প্রভাব পড়ে। বিশেষ করে চীন মার্কিন সয়াবিন আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে ব্রাজিলের বাজারের দিকে ঝুঁকে পড়ে।
চীন দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। ইরানি তেলের প্রধান ক্রেতাদের মধ্যেও রয়েছে দেশটি। তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির আগে সীমিত আকারে যুক্তরাষ্ট্র থেকেও অপরিশোধিত তেল আমদানি করত বেইজিং।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি চীনের আর্থিক খাতে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ও তুলেছেন। বিশেষ করে মার্কিন কার্ড সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বিশাল ক্রেডিট কার্ড বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি এই আলোচনা বাস্তব চুক্তিতে রূপ নেয়, তাহলে তা বৈশ্বিক জ্বালানি বাজার, কৃষিপণ্য রপ্তানি এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
