দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, আগ্রাসনের জবাবে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং সামরিক বাহিনী কার্যকর পাল্টা পদক্ষেপ নিচ্ছে।
এর আগে নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব পালনের সংকল্পকে দুর্বল করতে পারবে না। গত শনিবার তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত ও সাত শতাধিক আহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলে ৯ জন নিহত এবং ১২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার ঘটনায় হতাহতের খবর এসেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, আঞ্চলিক উত্তেজনা দ্রুত বিস্তৃত হচ্ছে এবং তেলসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা দীর্ঘায়িত হলে তা শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: Al Jazeera, Reuters, AFP
