লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ

প্রকাশিত: 09 এপ্রিল 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করতে ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে তেহরানের অভিযোগ রয়েছে। এর ফলে সম্ভাব্য যুদ্ধাবসান আলোচনার বিষয়ে ইরানি জনগণের মধ্যে সন্দেহ তৈরি হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

সূত্র অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের আহ্বানে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। যুদ্ধ থামাতে মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ১৫ দফা প্রস্তাব তেহরানে পাঠায় ওয়াশিংটন। ইরান তা প্রত্যাখ্যান করলে এপ্রিলের শুরুতে সংশোধিত প্রস্তাব আবার পাঠানো হয়।

নতুন পরিকল্পনায় দুই ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়। প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং ওই সময়ের মধ্যেই স্থায়ী সমঝোতার পথ খোঁজার কথা বলা হয়। তবে ইরান পাল্টা প্রস্তাবে যুদ্ধবিরতির সময়সীমা ১৪ দিনে নামিয়ে আনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা দাবি তুলে ধরে। পাকিস্তান ইতোমধ্যে সেই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে।

এই দুই পক্ষের প্রস্তাবের ভিত্তিতেই ইসলামাবাদে সংলাপ আয়োজন করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ এপ্রিল আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলও শিগগির ইসলামাবাদে পৌঁছাবে।

যুদ্ধক্ষেত্রের উত্তেজনা বাড়লেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়া ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত নিয়ন্ত্রণে আন্তর্জাতিক শক্তিগুলো এখন সামরিক পথের পাশাপাশি রাজনৈতিক সমাধান খুঁজছে। পাকিস্তানের মধ্যস্থতা এই প্রক্রিয়ায় নতুন কৌশলগত গুরুত্ব পেয়েছে।

 

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman