দ্য সিভিলিয়ানস |নিউজ ডেস্ক ।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সোমবার আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা পরিচয়ে গ্রেপ্তার হওয়া দুইজনের ঘটনা আলোচনায় আসে। তাহরিমা জান্নাত সুরভী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহদী হাসান গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান। এ প্রেক্ষাপটে দায়মুক্তির আইনি কাঠামো কীভাবে হবে, তা নিয়ে আলোচনা হয়।
সূত্র মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি দিতে জারি করা অধ্যাদেশসহ অতীতের দৃষ্টান্ত পর্যালোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, সে আদলেই জুলাই যোদ্ধাদের জন্য অধ্যাদেশ আনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছে। তারা দায়মুক্তির অধিকার রাখে। সংবিধানের ৪৬ অনুচ্ছেদ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে খসড়া প্রস্তুত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টামণ্ডলী।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ৭ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হবে।
