লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কারের ঘোষণা, আসছে নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালা

প্রকাশিত: 06 জুলাই 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বড় ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করা, বিদ্যালয়মুখী করা এবং আন্তর্জাতিক মানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন কারিকুলাম, সমন্বিত শিক্ষক নীতিমালা, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের মতো একাধিক উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য জানান। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, গত চার মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র মূল্যায়ন করা হচ্ছে। রাজধানীর বিদ্যালয়গুলোকে আধুনিকায়নের লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষাদান কার্যক্রমের বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করা হচ্ছে। কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে তাদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী সন্তোষজনকভাবে এগিয়ে গেলেও কিছু শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে পিছিয়ে রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে বর্তমান কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, একই সঙ্গে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, ধারাবাহিক পেশাগত উন্নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন, দায়িত্ব বণ্টন, তদারকি এবং উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কাঠামোকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। এ বিষয়ে ইতোমধ্যে একাধিক নীতিগত বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি জানান, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের অংশ হিসেবে ভিডিওভিত্তিক পাঠদান, স্মার্ট শ্রেণিকক্ষ, ফ্ল্যাট প্যানেল, তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি শনাক্ত করে পুনরায় শেখানোর আধুনিক পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে এবং তাদের অংশগ্রহণ বাড়াতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণসহ বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু নতুন ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মানে মৌলিক পরিবর্তন আনা। সে জন্য শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, প্রযুক্তি ও কারিকুলামকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা চলছে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা ঢাকা অঞ্চলের বিভাগীয় উপপরিচালক মো. আবদুল আজিজ, ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman