লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশিত: 13 এপ্রিল 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল সকাল থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও শনাক্ত রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগ এ। নতুন শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে ৭৬ জনই এই বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

মৃত্যুর ক্ষেত্রেও ঢাকা বিভাগেই সংখ্যাটা বেশি। নিশ্চিত হওয়া ২ শিশুর মৃত্যু এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জনই এই অঞ্চলের। বাকি একজনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৭১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি ৭২৯ জনের মধ্যে ২৭৪ জন ঢাকা বিভাগের। তুলনামূলকভাবে কম আক্রান্ত দেখা গেছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭১৩ জন শিশু চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সুস্থ হয়েছে ৩০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এই সময়ে ১৭ হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে এবং প্রায় ১১ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সংক্রমণের বিস্তার ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি জনস্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে এই প্রাদুর্ভাব আরও বিস্তৃত হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman