দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে প্রাণিজ আমিষের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রমজানজুড়ে সুলভ মূল্যে গরুর মাংস, ড্রেসড ব্রয়লার, ডিম ও দুধ বিক্রি করা হবে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার ১ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত দামে ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চালু থাকবে। এসব স্থানের মধ্যে রয়েছে ফার্মগেট, আজিমপুর, নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিল, বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুর, তেজগাঁও ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা।
এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা নিতে।
সরকারের এই উদ্যোগে রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রবণতাও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে মন্ত্রণালয়।
