দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা–৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে এক অনুষ্ঠানে অংশ নিতে গেলে ছাত্র নামধারী ছাত্রদলের সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।
এনসিপির বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর লক্ষ্য করে ডিম, পানি ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলার সময় হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দেয়, যা ঘটনাটিকে পূর্বপরিকল্পিত রাজনৈতিক সহিংসতা হিসেবে স্পষ্ট করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের একটি পথসভায় একইভাবে ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। ধারাবাহিক এসব ঘটনা থেকে বোঝা যায়, তাঁকে ভয় দেখানো এবং নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।

এনসিপির দাবি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর আপসহীন অবস্থানই একটি কুচক্রী মহলকে ক্ষুব্ধ করেছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে সেই মহল সহিংসতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করা হয়।
দলটি বলেছে, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।
ঘটনার প্রেক্ষিতে এনসিপি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। একই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
এনসিপির পক্ষ থেকে বিবৃতিতে স্বাক্ষর করেন মাহাবুব আলম, প্রধান, নির্বাচনীয় মিডিয়া উপ কমিটি।
