লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

প্রকাশিত: 14 ফেব্রুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘ দেড় দশক পর সরাসরি জনগণের ভোটে বিএনপির বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই বিজয় শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশের এবং গণতন্ত্রের বিজয়। তবে সামনে এগোতে হলে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা এর গ্র্যান্ড বলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, নানা বাধা অতিক্রম করে জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করেছেন। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অকার্যকর হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর বাস্তবতায় নতুন যাত্রা শুরু হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী , দীর্ঘ সময় পর জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অপশক্তি দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণ অধিকার পরিষদ–সহ ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। গণতান্ত্রিক চর্চায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। বিচারিক কর্মকর্তা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যেমন সবাই ভূমিকা রেখেছেন, তেমনি দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ভিন্নমত ও ভিন্ন দলের সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman