দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ৫০০ শয্যার আধুনিক নতুন ভবন উদ্বোধনের তিন মাস পার হলেও এখনো চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি জনবলের তীব্র সংকটে ভবনটির প্রায় অর্ধেক কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে। ফলে একদিকে পড়ে আছে আধুনিক চিকিৎসা অবকাঠামো ও যন্ত্রপাতি অন্যদিকে শয্যার অভাবে ভর্তি হতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর প্রস্তুতি চলছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সীমিত পরিসরে বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রে পরীক্ষা চালু রয়েছে। ক্যাথেটারাইজেশন ল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা এবং একাডেমিক কার্যক্রমও সীমিত পরিসরে চলছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি।
প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটিতে রয়েছে ৫০০ শয্যা, ৪০টি নিবিড় পরিচর্যা শয্যা, ২০টি উচ্চনির্ভরশীল চিকিৎসা শয্যা, ১১২টি কেবিন, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান যন্ত্র। আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ এই অবকাঠামো দেশের জটিল স্নায়ুরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা।
গত ১৫ আগস্ট ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হয়েছে।
কিন্তু অবকাঠামোর এই সম্প্রসারণের সঙ্গে প্রয়োজনীয় জনবল বাড়ানো সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের জন্য অনুমোদিত ৬৪৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৮৮ জন। শূন্য রয়েছে ৩৬১টি পদ। অন্যদিকে নার্সিং বিভাগের ৮৬৪টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত ৬৭৮ জন। শূন্য রয়েছে ১৮৬টি পদ। অর্থাৎ শুধু চিকিৎসক ও নার্সেরই ৫৪৭টি পদ খালি রয়েছে।
চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে হাসপাতালটির মোট অনুমোদিত পদ ২ হাজার ৭২৮টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ১ হাজার ৬১৯ জন। শূন্য রয়েছে ১ হাজার ১০৯টি পদ। নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে অতিরিক্ত ৮০০ থেকে ১ হাজার চিকিৎসক, নার্স, কারিগরি কর্মী ও অন্যান্য জনবল প্রয়োজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পদভিত্তিক হিসাবেও রয়েছে উদ্বেগজনক চিত্র। অধ্যাপক পদে ২৭টির মধ্যে কর্মরত মাত্র ৮ জন। সহযোগী অধ্যাপকের ৪৫টি পদের মধ্যে ১৬টি পূরণ হয়েছে। সহকারী অধ্যাপকের ৮৬টি পদের বিপরীতে কর্মরত ২৩ জন। সিনিয়র পরামর্শকের ৮টি পদের মধ্যে ৬টি এবং জুনিয়র পরামর্শকের ২৫টি পদের মধ্যে ১৩টি শূন্য রয়েছে। ইনডোর মেডিকেল কর্মকর্তার ১৫১টি পদের মধ্যে ১১১টি পদও খালি।
নার্সিং বিভাগে উপসেবা তত্ত্বাবধায়কের তিনটি পদই শূন্য। ২০টি নার্সিং তত্ত্বাবধায়কের পদের মধ্যে ১৩টি খালি। সিনিয়র স্টাফ নার্সের ৮৪০টি পদের বিপরীতে কর্মরত ৬৬৯ জন। শূন্য রয়েছে ১৭১টি পদ। এ ছাড়া ১ হাজার ২১৫টি আউটসোর্সিং পদের মধ্যে কর্মরত রয়েছেন ৬৫৬ জন। খালি রয়েছে ৫৫৯টি পদ।
জনবল সংকটের প্রভাব পড়ছে রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগে। হাসপাতালটির ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ২৯৩ জন। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কের টিউমার, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, স্মৃতিভ্রংশ ও মৃগীরোগে আক্রান্ত অসংখ্য মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বড় ভাইয়ের মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করাতে এসেছেন রাশিদুল ইসলাম। নোয়াখালী সদর হাসপাতাল থেকে তাঁকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু শয্যা না পাওয়ায় ভর্তি করানো সম্ভব হচ্ছে না।
রাশিদুলের ভাই রবিউল ইসলাম জানান, চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অথচ হাসপাতালে শয্যা খালি না থাকায় চার দিন ধরে তাঁরা হাসপাতালের পাশের একটি বাসায় ভাড়া নিয়ে অবস্থান করছেন।
এমন পরিস্থিতিতে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, জনবল সংকটের কারণে নতুন ভবনের সব কার্যক্রম চালু করা যাচ্ছে না। সরকারি চাকরিতে নিয়োগের নীতিমালা পরিবর্তনের প্রক্রিয়া চলায় নিয়োগ কার্যক্রমে বিলম্ব হচ্ছে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
তিনি আরও জানান, একই সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কাজও চলছে। প্রয়োজনীয় নিয়োগ সম্পন্ন হলে নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা সম্ভব হবে।
২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই বিশেষায়িত হাসপাতাল পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা বাড়িয়ে চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণ করে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে নির্মাণ করা হয়েছে নতুন ৫০০ শয্যার ভবন। তবে শুধু ভবন নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ে না। প্রয়োজন দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও পর্যাপ্ত সহায়ক জনবল।
বিশেষজ্ঞ চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের কাছে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তাই নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আধুনিক অবকাঠামোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
