দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় রেখে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
ভারতের প্রধান হাইকমিশন ঢাকায় অবস্থিত। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ধাপে ধাপে ভারতে ফিরিয়ে আনা হবে। তবে বাংলাদেশে অবস্থিত ভারতের সব কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, এটি কোনো কূটনৈতিক কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নয়। বরং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনীতিক ও কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনকেন্দ্রিক সম্ভাব্য অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখেই ভারত আগাম সতর্ক অবস্থান নিয়েছে।
এদিকে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে পরিবারের সদস্যদের পুনরায় বাংলাদেশে পাঠানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
