লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ, ১৫ নভেম্বর থেকে শূন্য কিশোরগঞ্জ-৩ আসন

প্রকাশিত: 17 নভেম্বর 2026

9 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ ঘোষণা দেন। তিনি জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। স্পিকার ১৫ নভেম্বর চিঠিটি পান এবং বিধি অনুযায়ী তা গ্রহণ করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুসারে, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

স্পিকার আরও জানান, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠান। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনকে তাঁর পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বর্তমানে দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদ সদস্যের আসন শূন্য হলে শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই আসনে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনারের মতামতের ভিত্তিতে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে। ফলে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের আয়োজন এখন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ছে।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন ওসমান ফারুক। তাঁর পদত্যাগের ফলে আসনটিতে নতুন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হলো।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman