লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৪৪ বছরেই থামল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতালি সাং বো’র জীবন

প্রকাশিত: 28 মার্চ 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা লি সাং বো আর নেই। নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। বৃহস্পতিবার ২৬ মার্চ পিয়ংতায়ক শহরে তার বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও আন্তর্জাতিক গণমাধ্যম।

পুলিশ সূত্র জানায়, পরিবারের এক সদস্য প্রথমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবায় খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী অভিনেতার মৃত্যু নিশ্চিত করে। প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা বাহ্যিক আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

লি সাং বো’র মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর কোরিয়ান বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার সংস্থা কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ এখনই প্রকাশ করা হবে না এবং এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ২৯ মার্চ সকালে পিয়ংতায়ক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং বো ২০০৬ সালে নাটক ‘ইনভিসিবল ম্যান ছৈ হ্যাং সো’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ধীরে ধীরে তিনি কোরিয়ান ড্রামা জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মোন্টে ক্রিস্টো’ এবং ‘এলিগেন্ট এম্পায়ার’সহ একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেন। বিশেষ করে ২০২১ সালের ‘মিস মোন্টে ক্রিস্টো’ নাটকে তার অভিনয় ব্যাপক আলোচনায় আসে এবং তাকে মূলধারার দর্শকের কাছে নতুনভাবে পরিচিত করে।

আন্তর্জাতিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে একবার মাদক সংক্রান্ত অভিযোগে বিতর্কে জড়ালেও পরে তিনি অভিযোগ থেকে মুক্তি পান এবং অভিনয় ক্যারিয়ার নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছিলেন। তার আকস্মিক মৃত্যু ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র সামাজিক চাপ ও গণমাধ্যম নজরদারি দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। লি সাং বো’র মৃত্যু আবারও শিল্পীদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন সামনে আনছে।

 

সূত্র: Reuters

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman