দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। পরে রাত ৭টার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সেখানে উপস্থিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের সামনে পৌঁছালে গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং পরে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।
সরেজমিনে দেখা যায়, পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপর বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। তাদের অনেকের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে স্লোগান দেন। এ সময় ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
নেতাকর্মীদের ভিড়ের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে যানবাহন ধীরগতিতে এক লাইনে চলাচল করতে দেখা যায়, ফলে আশপাশের এলাকায়ও যানচাপ ছড়িয়ে পড়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় কার্যালয়ে এই সফর দলীয় কার্যক্রম পুনর্গঠন ও রাজনৈতিক বার্তা দেওয়ার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
