লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সাভারে প্রেশারকুকারে রাখা বোমা নিষ্ক্রিয়, বিকট শব্দে কেঁপে উঠল সাধাপুর

প্রকাশিত: 12 অগাস্ট 2026

45 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশারকুকারে রাখা একটি সন্দেহভাজন বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

পুলিশ জানায়, বেলা ৩টা ২৮ মিনিটের দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে অভিযান চালিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে বেলা পৌনে ২টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় ড্রামটি পরীক্ষা করে এর ভেতরে কালো আঠালো টেপে মোড়ানো একটি প্রেশারকুকার দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন প্রেশারকুকারটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক ইমরান হোসেন জানান, বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কালো টেপে মোড়ানো প্রেশারকুকারটি পড়ে থাকতে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ঘটনাস্থলে ডাকা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। তবে ওই ব্যক্তিদের পরিচয় বা তারা কেন সেখানে বস্তুটি রেখে গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বোমাটি নিষ্ক্রিয় করার আগে ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় পুলিশ। দীর্ঘ সময় অপেক্ষার পর বিকট শব্দ শুনতে পান আশপাশের মানুষ। এরপর আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান জানান, পুলিশ আগে থেকেই সবাইকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দিয়েছিল। পরে হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া দেখা যায়।

ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হলেও বোমাটি নিষ্ক্রিয় করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রেশারকুকারের ভেতরে কী ধরনের বিস্ফোরক বা উপাদান ছিল, সেটি তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে একই দিনে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনেও একটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে দেশের দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু ও বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman