দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উচ্চাভিলাষী আন্তর্জাতিক প্রকল্প গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম বা জিসিএপি নতুন মোড় নিতে পারে। যুক্তরাজ্যভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান রোলস রয়েস এর প্রধান নির্বাহী তুফান এরগিনবিলগিচ জানিয়েছেন, জার্মানি চাইলে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে তারা সমর্থন দিতে প্রস্তুত।
বর্তমানে জিসিএপি প্রকল্পে যুক্তরাজ্য, ইতালি ও জাপান যৌথভাবে কাজ করছে। লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে একটি ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা, যা ভবিষ্যতে ইউরো ফাইটার টাইফুন এবং F-15 ঈগল এর উত্তরসূরি হিসেবে ব্যবহৃত হবে। প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন বিমানের ইঞ্জিন উন্নয়নের দায়িত্ব পেয়েছে রোলস রয়েস।
প্রকল্পে নতুন দেশ যুক্ত হলে উন্নয়ন ব্যয় ভাগাভাগি সহজ হয় এবং ভবিষ্যৎ ক্রেতার সংখ্যা নিশ্চিত হয়। কারণ সাধারণত যে দেশগুলো উন্নয়ন পর্যায়ে অংশ নেয়, তারাই পরে যুদ্ধবিমান ক্রয়ের প্রধান গ্রাহক হয়ে ওঠে। জার্মানি বর্তমানে ইউরোফাইটার পরিচালনা করে এবং আগামী দশকে নতুন যুদ্ধবিমানের প্রয়োজন হবে, ফলে দেশটি সম্ভাব্য বড় ক্রেতা হিসেবে বিবেচিত হচ্ছে।
জার্মানির আগ্রহ বাড়ার পেছনে আরেকটি কারণ হলো ইউরোপের পৃথক যুদ্ধবিমান প্রকল্প ফিউচার কমব্যাট এয়ার সিস্টেমে কাজ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ। ফলে বিকল্প সহযোগিতা কাঠামো হিসেবে জিসিএপির দিকে বার্লিনের নজর বাড়ছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো রাজনৈতিক পর্যায়ে। যুক্তরাজ্য আগেই জানিয়েছে, সময়সূচি ঠিক থাকলে অংশীদার দেশ বাড়ানোর বিষয়ে তারা নীতিগতভাবে উন্মুক্ত। বিশ্লেষকদের মতে, জার্মানি যুক্ত হলে ইউরোপ ও এশিয়ার প্রতিরক্ষা সহযোগিতায় নতুন ভারসাম্য তৈরি হতে পারে।
সূত্র: Reuters, BBC, Financial Times, Nikkei Asia
