লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রসিকিউশনের আইনি পরামর্শক হলেন এহসানুল হক সমাজী

প্রকাশিত: 29 ডিসেম্বর 2025

45 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন টিমের আইনি পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ আইনজীবী এহসানুল হক সমাজী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া এবং বিচার চলাকালে প্রসিকিউশন টিমকে সহায়তা করার দায়িত্ব পালন করবেন এহসানুল হক সমাজী।

এহসানুল হক সমাজী বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুযোগ সুবিধা ভোগ করেন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, লিখিত আদেশের মাধ্যমে তাকে মামলার তদন্ত ও বিচার পর্যায়ে আইনি দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজের প্রতিক্রিয়ায় এহসানুল হক সমাজী বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনা, যা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের বর্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া জরুরি। দায়িত্ব গ্রহণের আগে তিনি শহীদ হাদির কবর জিয়ারত করবেন এবং ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন বলেও জানান।

হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এই নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন টিমকে কার্যকর আইনি সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman