লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শিল্পকলায় শুরু শিশু আনন্দ মেলা, অংশ নিচ্ছে ৪০ সংগঠন

প্রকাশিত: 02 অক্টোবর 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আনন্দঘন পরিবেশ আর শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’ ও ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা কুঁড়ি ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে গতকাল এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। আয়োজনে দেশের বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আমরা কুঁড়ির পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং হোমটেক ডেভেলপার অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা এবং শিশু বক্তা সৈয়দা তাহিয়া আন নূর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রায় ৪০টি শিশু-কিশোর সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। গান, নৃত্যসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখে বলে মনে করছেন আয়োজকেরা। উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রথম দিনের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৪ অক্টোবর রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আয়োজনের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman