লোড হচ্ছে...
লোড হচ্ছে...

স্বল্পমেয়াদী চীনা ভিসা আরো সহজ করা হল

প্রকাশিত: 23 ডিসেম্বর 2025

54 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চীনে স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও আবেদনকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ জারির দিন থেকে শুরু করে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চীনে ১৮০ দিনের বেশি নয় এমন সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের শর্ত প্রযোজ্য হবে না।

দূতাবাসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই ছাড় কেবল স্বল্পমেয়াদি ভিসার জন্য প্রযোজ্য। প্রাসঙ্গিক চীনা অভিবাসন বিধিমালা অনুযায়ী ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান বাধ্যতামূলক থাকবে। এসব ভিসায় আবেদনকারীদের চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয় বিধায় তাদের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে না।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দিষ্ট শর্তাবলি জানতে ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ফিঙ্গারপ্রিন্ট ছাড়ের এই সিদ্ধান্ত বাংলাদেশি চিকিৎসা সেবা গ্রহীতা, পর্যটক, ব্যবসায়ী ও স্বল্পমেয়াদি কাজে চীন যেতে আগ্রহীদের জন্য ইতিবাচক বার্তা। এতে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুততর হবে এবং যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman